মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আসিয়ানভুক্ত দেশগুলোকে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক ভূ-রাজনৈতিক জটিলতা ও অস্থিতিশীলতার কথা উল্লেখ করে সংকট সমাধানে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনের কঠোর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, প্রায় এক দশক ধরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ, যা সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অতিক্রমী অপরাধের ঝুঁকি তৈরি করছে। তাই এই সংকটের রাজনৈতিক সমাধানের পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি তাগিদ দেন।


















