আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি স্থাপনাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌর প্যানেল স্থাপন করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদ পর্যায়েও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


















