জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধা ও সাধারণ সংগ্রামীদের আত্মকর্মসংস্থান এবং স্বাধীন জীবিকা নির্বাহে সহায়তার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে এসব উপহার ক্ষতিগ্রস্ত ও সংগ্রামী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারীরিক অবস্থা, চিকিৎসা ও পরিবারের জীবিকার সার্বিক খোঁজখবর নেন।
উপহারপ্রাপ্তদের মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। উপহার হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী তাঁকে সিএনজি চালিয়ে উপার্জনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে আন্দোলনে পানির ব্যাগ নিয়ে অংশ নেওয়া ও আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া কুষ্টিয়ার মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা এবং জীবিক সংকটে থাকা বগুড়ার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নিজে যানবাহনের পরিচালন ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং তাঁদের নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


















