বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়ক ও ক্রসিংগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। এ সময় মানিক মিয়া এভিনিউ ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল সীমিত বা বন্ধ থাকবে এবং বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি আরও জানায়, জানাজাস্থল খালি রাখতে ফার্মগেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন এলাকার একাধিক সড়কে যান চলাচল বন্ধ থাকবে। জানাজায় আগত যানবাহনের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠসহ নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
নগরবাসীর ভোগান্তি কমাতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা মেনে চলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


















