রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাওছার আহামেদ (৩০) নিহত হয়েছেন। তিনি আদ্-দ্বীন হাসপাতালের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে ফ্লাইওভারের উপরে। গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কাওছার দক্ষিণখান থানার নগরবাড়ি রোডের জয়নাল আবেদীনের ছেলে এবং বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছিল এবং পরে পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়।
নিহতের বড় ভাই উজ্জ্বল আহমেদ বলেন, “কাওছার পোস্তগোলা শাখার কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে পুলিশের রেকার ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
এ ঘটনায় পুলিশের রেকারটি ধাক্কা দেওয়ার পরপরই স্থান ত্যাগ করেছে বলে অভিযোগ উঠেছে। যাত্রাবাড়ী থানা বিষয়টি তদন্ত করছে।



















