মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের জন্য জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করেই সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না।
বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের জন্য এটিই শেষ সুযোগ। তাই জরিমানা এড়াতে আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


















