২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের ১০ সদস্যের হাতে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্রসমূহ হস্তান্তর করেন। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। নিয়োগপত্র প্রাপ্তদের মধ্যে ৮ জন শহিদের স্ত্রী ও বোন এবং ২ জন গুরুতর আহত জুলাই যোদ্ধার স্ত্রী রয়েছেন।
নিয়োগপত্র হস্তান্তরকালে প্রধানমন্ত্রী শহিদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত সব আত্মত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি সাম্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সরকারের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, কেবল চাওয়া-পাওয়ার হিসেব না করে দেশের জন্য কে কী অবদান রাখতে পারলাম, সেই ভাবনাই ভবিষ্যৎ বাংলাদেশকে স্বাবলম্বী করে তুলবে। অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহিদ পরিবারের অন্যান্য সদস্য ও আহত জুলাই যোদ্ধারাও উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রতি তাঁদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















