রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে মোবাইল ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা আগারগাঁওয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে জড়ো হতে থাকেন। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

ব্যবসায়ীদের প্রধান তিন দাবির মধ্যে রয়েছে—এনইআইআর ব্যবস্থার সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, বহুবার আলোচনার আবেদন জানানো হলেও সরকার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আলোচনা হলে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন সারাদেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

ইতোমধ্যে আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব মোবাইলফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও চলছে।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে বলে তাদের আশঙ্কা। এছাড়া আমদানির জটিলতা ও অতিরিক্ত শুল্ক মোবাইলের দাম বাড়িয়ে সাধারণ গ্রাহকদের ওপর চাপ বাড়াবে।

গত ৩০ নভেম্বর কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় মানববন্ধন করার পর ব্যবসায়ীরা সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে অনিবন্ধিত, চুরি হওয়া বা অননুমোদিত ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। নতুন ব্যবস্থা চালুর আগেই মোবাইল ব্যবসায়ীরা জোরালো আন্দোলনে নেমেছেন।

সর্বশেষ - অপরাধ