সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কেন এবং কোন পর্যায়ে এই ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ে, ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ উল্লেখ করে তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ের ঘাটতির বিষয়টি দুই পক্ষ আলোচনা করে খতিয়ে দেখছে।
তিনি বলেন, ঘটনাটি অবশ্যই দুঃখজনক। তথ্য আদান-প্রদানের প্রক্রিয়ায় কোথায় ঘাটতি হয়েছে, তা শনাক্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যে অপরাধের দায়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য হতাশাজনক। পবিত্র মক্কায় মানুষ ধর্মীয় ও পবিত্র উদ্দেশ্যে যান। সেখানে এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণের সুযোগ নেই বলে তিনি মনে করেন। এখন তথ্য বিনিময়ের প্রক্রিয়ায় কোথায় ঘাটতি হয়েছে, সেটি খতিয়ে দেখাই গুরুত্বপূর্ণ।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের পরিচয় গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। কোনো বাংলাদেশি বিদেশে অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে প্রয়োজন অনুযায়ী কনস্যুলার সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। অপরাধ সংঘটিত হলে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।
এদিকে ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই পক্ষের যেসব বিষয়ে আগ্রহ থাকবে, সেগুলো আলোচনায় স্থান পাবে।


















