মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসির ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ

Spread the love

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারলে এসব শিক্ষার্থীকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের কীভাবে আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। যারা পাস করেছে, তারা তো এগিয়ে যাবেই; কিন্তু যারা ফেল করেছে বা ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের বিষয়টি আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার উদ্যোগ রয়েছে। বছরের পর বছর অকৃতকার্যতার ধারাবাহিকতা টেনে নেওয়ার পরিবর্তে দ্রুত তাদের পরবর্তী শিক্ষাপথ নির্ধারণ করতে চায় সরকার।

মন্ত্রী বলেন, পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে, নাকি অন্য ধারায় যাবে, তা নির্ধারণ করা হবে। পুনঃপরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

নৈতিকতা ও আনন্দময় শিক্ষায় গুরুত্ব

দেশে নৈতিকতার অবক্ষয়ের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে একটি প্রজন্ম থেকেই উদ্যোগ নিতে হবে, যাতে পরবর্তী সময়ে অবক্ষয় রোধ করা সম্ভব হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষাপথ তৈরি এবং কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ সরকারের পরিকল্পনার অংশ। তবে পুনঃপরীক্ষার নিয়ম, বাস্তবায়নের সময়সূচি ও কারিগরি শিক্ষায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নীতিমালা প্রকাশিত হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সর্বশেষ - অপরাধ